আল-আকসা ইমামের সাথে বৈঠক, ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি আনোয়ারের

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ১২:০৯ এএম
আল-আকসা ইমামের সাথে বৈঠক, ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি আনোয়ারের

ফিলিস্তিনের পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসের ঐতিহাসিক আল-আকসা মসজিদের ইমাম শেখ আলী উমর ইয়াকুব আব্বাসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। সোমবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ফিলিস্তিন সংকট এবং আল-কুদসের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হয়।

বৈঠককালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, আল-আকসা মসজিদ কেবল ফিলিস্তিনি ভূখণ্ডের একটি স্থাপনা নয়, এটি সমগ্র মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। তিনি এই মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়কে পালন করতে হবে বলে মন্তব্য করেন। এ সময় ইমাম শেখ আলী উমর ইয়াকুব আব্বাসি দখলদার শক্তির বাধা উপেক্ষা করে কীভাবে মসজিদের ধর্মীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে সে বিষয়ে ধারণা দেন এবং মুসলিম দেশগুলোর প্রতি কূটনৈতিক সহযোগিতার আহ্বান জানান।

আনোয়ার ইব্রাহিম তার সরকারের ‘মাদানি’ দর্শনের আওতায় ফিলিস্তিনিদের জন্য গৃহীত মানবিক ও কূটনৈতিক পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন। তিনি জাতিসংঘের স্বীকৃতি ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চান। বিশেষজ্ঞদের মতে, এই সাক্ষাত ফিলিস্তিন প্রশ্নে মালয়েশিয়ার সুস্পষ্ট অবস্থান এবং মুসলিম বিশ্বের ঐক্যের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...