মাদুরো আটকে তেলের দরে ধস, ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে আটকের ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে। মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর তাদের নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিয়ে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার কথা জানিয়েছেন, যার প্রেক্ষিতে বাজারে তেল সরবরাহ বাড়ার পূর্বাভাসে দর কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সোমবার (৫ জানুয়ারি) লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ দশমিক ৫২ ডলার এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ৫৭ দশমিক ১১ ডলারে দাঁড়ায়। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে আজ ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের হাজির করা হবে। অন্যদিকে, জরুরি বৈঠকে বসে ওপেক প্লাস বৈশ্বিক উৎপাদন স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নিলেও মার্কিন নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার তেলক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়ার সম্ভাবনায় দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে।
এশিয়ার বাজারে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে স্বর্ণের দাম বেড়েছে। স্পট মার্কেটে স্বর্ণের দর প্রতি আউন্সে ৪ হাজার ৪১১ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে, যা গত ২৯ ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ। একই সঙ্গে রুপার দামও ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৭৫ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। একসময় বিশ্বের অন্যতম প্রভাবশালী তেল উৎপাদনকারী হলেও বিগত দুই দশকে বিদেশি বিনিয়োগের অভাবে ভেনেজুয়েলার উৎপাদন বর্তমানে বিশ্ববাজারের মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

