মাদুরো গ্রেপ্তারে তেলের দামে পতন, স্বর্ণে ঊর্ধ্বমুখী
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। বিশ্লেষকদের ধারণা, ভেনেজুয়েলার তেলখনির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে আগামী দিনগুলোতে সরবরাহ বেড়ার সম্ভাবনায় দাম স্থিতিশীল থাকবে। এদিকে, এই রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকে পড়ায় এশিয়ার বাজারে স্বর্ণ ও রুপার দাম বেড়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুড—উভয়ের দামই প্রতি ব্যারেলে ২৩ সেন্ট বা ০ দশমিক ৪ শতাংশ কমে যায়। ফলে ব্রেন্ট ক্রুড ৬০ দশমিক ৫২ ডলার এবং ডব্লিউটিআই ৫৭ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কের ব্রুকলিনে নিয়ে যায়। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে স্থানীয় সময় আজ তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেবে ওয়াশিংটন এবং নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে রোববার সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাস জরুরি বৈঠকে বৈশ্বিক তেল উৎপাদন স্থিতিশীল রাখার বিষয়ে একমত হয়েছে।
তেলের বাজারে ধসের বিপরীতে এশিয়ার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১১ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে, যা গত ২৯ ডিসেম্বরের পর সর্বোচ্চ। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৪২০ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে। পাশাপাশি রুপার দামও ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য, একসময় তেলের বাজারে প্রভাবশালী হলেও ব্যবস্থাপনার ঘাটতির কারণে ভেনেজুয়েলার উৎপাদন বর্তমানে বৈশ্বিক উৎপাদনের মাত্র এক শতাংশে নেমে এসেছে।

