দিল্লি দাঙ্গা মামলায় উমর-শারজিলের জামিন নামঞ্জুর, মুক্তি ৫ জনের

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৭:১৯ পিএম
দিল্লি দাঙ্গা মামলায় উমর-শারজিলের জামিন নামঞ্জুর, মুক্তি ৫ জনের

উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়েছে, এই দুই আসামি সাধারণ বিক্ষোভকারী ছিলেন না বরং সহিংসতার ‘কেন্দ্রীয় পরিকল্পনাকারী’ হিসেবে কাজ করেছেন। আদালত উল্লেখ করেছে, ইউএপিএ (UAPA) আইনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।

একই মামলায় অন্য পাঁচ আসামি—গুলফিশা ফাতিমা, মিরান হায়দার, শিফা উর রেহমান, মহম্মদ সালিম খান এবং শাদাব আহমেদকে ১২টি কঠোর শর্তে জামিন দিয়েছে আদালত। শুনানিকালে দিল্লি পুলিশের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সরকার পতন ও অর্থনীতির ক্ষতি করার লক্ষ্যেই এই দাঙ্গা সংঘটিত হয়েছিল। শারজিল ইমামের আসাম বিচ্ছিন্ন করার ভাষণের ভিডিও এবং সংরক্ষিত সাক্ষীদের বয়ান বিবেচনায় নিয়ে আদালত পুলিশের দাবি গ্রহণ করেছে। অন্যদিকে, উমর খালিদের আইনজীবী কপিল সিবাল ও ত্রিদীপ পাইস মামলাটিকে পুলিশের ‘তামাশা’ ও প্রমাণ সাজানো বলে অভিহিত করেছিলেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে সিএএ-বিরোধী আন্দোলনের সময় এই দাঙ্গায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয় এবং সাত শতাধিক মানুষ আহত হন। জামিন নামঞ্জুর হলেও আদালত উমর খালিদ ও শারজিল ইমামকে একটি সুযোগ দিয়েছে। মামলার প্রধান সাক্ষীদের বয়ান রেকর্ড শেষ হলে অথবা বর্তমান আদেশের এক বছর পর তারা নিম্ন আদালতে পুনরায় জামিনের আবেদন করতে পারবেন। বর্তমানে তারা দিল্লির তিহার জেলে বন্দি আছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...