স্বার্থেই গ্রিনল্যান্ড চান, আমেরিকার অংশ করার দাবি ট্রাম্পের
ডেনমার্কের সতর্কতা উপেক্ষা করে সোমবার আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা, কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই দ্বীপটি আমেরিকার জন্য অত্যাবশ্যক। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড বিষয়ক একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে, যা ডেনমার্কের সাথে সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছে।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন ট্রাম্পের এই দাবিকে একটি ‘কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তারা আর কোনো চাপ বা সংযুক্তির ইঙ্গিত গ্রহণ করবেন না। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও আগেই জানিয়েছিলেন যে, তাদের রাজ্যের অংশ যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করার কোনো অধিকার আমেরিকার নেই। ট্রাম্পের সহযোগীর স্ত্রী কেটি মিলার গ্রিনল্যান্ডের মানচিত্র নিজেদের পতাকায় রাঙিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিদ্যমান মিত্রতা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ডেনমার্ক তার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রত্যাশা করে। গ্রিনল্যান্ডের নেতৃত্ব জানিয়েছে, তারা সঠিক চ্যানেলের মাধ্যমে ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে আলোচনায় প্রস্তুত রয়েছে, তবে হঠকারী কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে না।

