রাশিয়ার তেল কেনায় ট্রাম্পের ক্ষোভ, ভারতের ওপর বাড়তি শুল্কের হুমকি

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১১:৪৪ এএম
রাশিয়ার তেল কেনায় ট্রাম্পের ক্ষোভ, ভারতের ওপর বাড়তি শুল্কের হুমকি

রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের প্রতি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানির কারণে তিনি খুশি নন এবং এর জেরে ভারতের বিরুদ্ধে নতুন শুল্কারোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবগত ছিলেন যে এ বিষয়ে ওয়াশিংটন ক্ষুব্ধ এবং তাদের সম্পর্ক ঠিক রাখতে হলে মার্কিন প্রেসিডেন্টকে খুশি রাখা জরুরি ছিল।

ট্রাম্প বলেন, মোদী একজন দারুণ মানুষ কিন্তু তিনি জানতেন যে আমি এ বিষয়ে সন্তুষ্ট নই। গত অক্টোবরে ট্রাম্প দাবি করেছিলেন, মোদী তাকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের আশ্বাস দিয়েছিলেন। যদিও ভারতের পক্ষ থেকে সেই সময় জানানো হয়েছিল যে মোদীর সঙ্গে ট্রাম্পের এমন কোনো আলোচনা হয়নি। এর আগে রাশিয়া থেকে অশোধিত তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশে পৌঁছে দিয়েছে। এছাড়া রাশিয়ার দুই বড় তেল সংস্থা রসনেফট ও লুকঅয়েলের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জ্বালানি খাতে দেশের ভোক্তাদের স্বার্থ এবং সাশ্রয়ী দামকে প্রাধান্য দিয়েই ভারত রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। রুশ-ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিম এশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে বড় ছাড়ের সুবিধা নিয়ে মস্কো থেকে তেল কেনা বাড়িয়েছে তারা। বর্তমানে চীনের পরেই ভারত রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। ওয়াশিংটন মনে করে, এই অর্থ দিয়েই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করেই পুতিনকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে চায় হোয়াইট হাউস।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...