নির্দেশ না মানলে ভেনেজুয়েলায় দ্বিতীয় অভিযানের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৫ এএম
নির্দেশ না মানলে ভেনেজুয়েলায় দ্বিতীয় অভিযানের হুঁশিয়ারি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তারের পর দেশটিতে আরও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, কারাকানা মাদুরো সরকার যদি ওয়াশিংটনের নির্দেশ মানতে ব্যর্থ হয়, তবে দ্বিতীয়বার সামরিক পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে ৬৩ বছর বয়সী মাদুরোকে নিউইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে এবং সোমবার তাকে আদালতে হাজির করানো হতে পারে।

রোববার এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, কলম্বিয়া ও মেক্সিকো যদি অবৈধ মাদক পাচার রোধে ব্যর্থ হয়, তবে সেখানেও মার্কিন সেনা অভিযানের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘অপারেশন কলম্বিয়া আমার কাছে ভালো শোনাচ্ছে।’ অপরদিকে, ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্লাদিমির প্যাড্রিনো জানিয়েছেন, মার্কিন হামলায় সৈন্য, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি হয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তা দিয়োসাদো কাবেলো অবশ্য দাবি করেছেন, এখনও মাদুরোই প্রেসিডেন্ট এবং শত্রুদের প্ররোচনায় কেউ যেন ভুল পথে না যায়।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মাদুরোর অনুপস্থিতিতে তার সরকারের বাকি সদস্যদের সঙ্গে কাজ করে মাদক পাচার বন্ধ ও তেল খাত সংস্কার করা হবে। তবে এখনই নতুন নির্বাচনের কোনো পরিকল্পনা নেই। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। যুক্তরাষ্ট্র এই অভিযানকে ২০২০ সালে দায়ের করা মাদক ও গ্যাং সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে বললেও, ভেনেজুয়েলা অভিযোগ করেছে যে তাদের তেল সম্পদ দখল করতেই এই আগ্রাসন চালানো হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...