ভেনেজুয়েলায় মাদুরোর পতন, ট্রাম্পের নতুন হুমকি ও তেল লোভ

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১১:১৪ এএম
ভেনেজুয়েলায় মাদুরোর পতন, ট্রাম্পের নতুন হুমকি ও তেল লোভ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর দেশটিতে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটনের নির্দেশনা মানতে ব্যর্থ হলে কারাকাসে দ্বিতীয় দফা হামলা চালানো হবে। গত শনিবার মার্কিন বাহিনীর অভিযানে মাদুরো দম্পতিকে গ্রেপ্তার করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। রোববার এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই সতর্কবার্তা দেন।

কলম্বিয়া ও মেক্সিকো মাদক পাচার রোধে ব্যর্থ হলে সেখানেও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘অপারেশন কলম্বিয়া আমার কাছে ভালো শোনাচ্ছে।’ এছাড়া ভেনেজুয়েলার মিত্র কিউবাকেও পতনের পথে থাকা দেশ হিসেবে উল্লেখ করেন তিনি। ৬৩ বছর বয়সী মাদুরোকে চোখ বাঁধা অবস্থায় গ্রেপ্তারের পর দেশটিতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এই অভিযানে ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্লাদিমির প্যাড্রিনো জানিয়েছেন, সেনা ও বেসামরিক অনেকেই নিহত হয়েছেন। প্যানামা আগ্রাসনের পর ৩৭ বছরে এটিই লাতিন আমেরিকায় সবচেয়ে বিতর্কিত মার্কিন হামলা।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নিলেও দেশটির শীর্ষ কর্মকর্তারা মাদুরোকেই প্রেসিডেন্ট বলে দাবি করেছেন। মন্ত্রী দিয়োসাদো কাবেলো মার্কিন পদক্ষেপকে অপহরণের শামিল বলে অভিযোগ করেছেন। ট্রাম্প জানিয়েছেন, তেল খাত সংস্কার ও মাদক পাচার বন্ধে মাদুরোর অনুগতদের সঙ্গে কাজ করতে চান তিনি, তবে এখনই নির্বাচন দেওয়ার পরিকল্পনা নেই। রদ্রিগেজকেও উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সঠিক কাজ না করলে তাকে মাদুরোর চেয়ে বেশি মূল্য দিতে হতে পারে।’ ভেনেজুয়েলা মনে করছে, তেল সম্পদ দখলের লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...