মাদক ও অস্ত্র চোরাচালান: আজ নিউইয়র্ক আদালতে মাদুরো

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১০:২৯ এএম
মাদক ও অস্ত্র চোরাচালান: আজ নিউইয়র্ক আদালতে মাদুরো

মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে অভিযুক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হচ্ছে। গত শুক্রবার ভোরে ভেনেজুয়েলায় এক বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করার পর বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

স্থানীয় সময় গত শুক্রবার ভোররাতে দেশটিতে অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাদের ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, মাদক ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেননি মাদুরো। আজ দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার কার্যক্রম শুরু হবে।

এদিকে, প্রেসিডেন্ট আটক হওয়ার পর ভেনেজুয়েলার আদালতের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রদ্রিগেজকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রদ্রিগেজ যদি সঠিক পথে না চলেন, তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বেশি মূল্য দিতে হতে পারে।

মার্কিন অভিযানের বিরোধিতা করায় রদ্রিগেজকে এই সতর্কবার্তা দেন ট্রাম্প। মাদুরোর বিচার শুরু হওয়ার পাশাপাশি ভেনেজুয়েলার নতুন নেতৃত্বকে নিয়েও উত্তেজনা বাড়ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...