ভেনেজুয়েলা নিয়ে মার্কো রুবিওর স্পষ্ট বার্তা, মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের স্বার্থ

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৩:১৫ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলা নিয়ে দেশটির গণমাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। সাম্প্রতিক হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের প্রেক্ষাপটে তিনি জানিয়েছেন, এটি ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়। এর পরও নিজেদের স্বার্থ রক্ষায় ওয়াশিংটন সব বিকল্প খোলা রাখবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও ব্যাখ্যা করেন যে, এই অভিযানের জন্য আগে থেকে কংগ্রেসের অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়নি কারণ মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার মাটিতে সরাসরি আগ্রাসন চালাচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন যে, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ফলে দেশটির অবস্থার উন্নতি ঘটবে। তবে তিনি স্বীকার করেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকার নিজস্ব স্বার্থ নিশ্চিত করা।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটির বর্তমান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে মনে করে না যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার জনগণ ভবিষ্যতে কী পদক্ষেপ নেয়, তার ওপর ভিত্তি করেই ওয়াশিংটন তাদের পরবর্তী কৌশল ঠিক করবে বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...