ট্রাম্পের অপছন্দে মাচাদো, সাড়ে ৪ ঘণ্টায় মাদুরোকে তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ২:২৮ এএম
ট্রাম্পের অপছন্দে মাচাদো, সাড়ে ৪ ঘণ্টায় মাদুরোকে তুলে নিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে এক জটিল গোপন অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ের অন্যতম এই সামরিক অভিযানে মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স অংশ নেয়। এদিকে, দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তনে নোবেল জয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর ভূমিকায় সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান, মারিয়া কোরিনা মাচাদো অবশ্যই একজন ভদ্র ও সৎ মানুষ। তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে তার পর্যাপ্ত জনসমর্থন বা গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেন তিনি। ফলে ভেনেজুয়েলার পরবর্তী শাসক হিসেবে তার সঙ্গে কাজ করার কোনো সম্ভাবনা দেখছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সাড়ে ৪ ঘণ্টাব্যাপী এই অভিযানটি ছিল অত্যন্ত নিঁখুত ও পূর্বপরিকল্পিত। মাদুরোর নিরাপদ আশ্রয়কেন্দ্রের হুবহু একটি নকল কাঠামো তৈরি করে সেখানে দীর্ঘদিন অনুশীলন চালায় ডেল্টা ফোর্স। কঠোর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কীভাবে ওই ভবনে প্রবেশ করা যায়, তার প্রতিটি ধাপ ঠিক করে রাখা হয়েছিল অভিযানের আগেই।

যুক্তরাষ্ট্রের এই সামরিক হস্তক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, মাদুরো দম্পতিকে গ্রেফতারের পর নিউইয়র্কের ফেডারেল হেফাজতে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই ঘটনায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...