মাদুরো আটক: ৩৬ বছর আগেও যা ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় তোলপাড় শুরু হলেও এটি যুক্তরাষ্ট্রের জন্য নতুন কোনো ঘটনা নয়। গত শুক্রবার মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরোকে নিউইয়র্কের একটি কারাগারে পাঠিয়েছেন। এর আগে ১৯৮৯ সালেও একইভাবে লাতিন আমেরিকার দেশ পানামার তৎকালীন শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে উৎখাত করে ওয়াশিংটন।
মাদক পাচার ও ১৯৮৯ সালের নির্বাচনে কারচুপির অভিযোগে পানামার ওপর হামলা চালায় মার্কিন বাহিনী। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ‘অপারেশন জাস্ট কজ’ নামের এই অভিযানে ২০ হাজারের বেশি সেনা অংশ নেয়। হামলায় ২৩ জন মার্কিন সেনা নিহত হলেও পানামার পক্ষে মৃত্যুর সংখ্যা ছিল সরকারি হিসাবে ৫১৪, তবে স্থানীয়দের দাবি এক হাজারের কাছাকাছি।
নোরিয়েগাকে গ্রেপ্তারে মার্কিন সেনারা এক অদ্ভুত কৌশল অবলম্বন করেছিল। ভ্যাটিকান দূতাবাসে আশ্রয় নেওয়া নোরিয়েগার মানসিক অবস্থার ওপর চাপ সৃষ্টি করতে দূতাবাসের চারপাশে দিনরাত উচ্চস্বরে রক মিউজিক বাজানো হতো। দ্য ক্ল্যাশ, ভ্যান হ্যালেন ও ইউটু ব্যান্ডের গানের তালে টানা ১১ দিন অবরুদ্ধ থাকার পর ১৯৯০ সালের ৩ জানুয়ারি তিনি আত্মসমর্পণ করেন। পরে তাকে মায়ামিতে নিয়ে বিচার করা হয় এবং মাদক ও অর্থ পাচারের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
আমৃত্যু কারাবাস কাটানো নোরিয়েগা ২০১৭ সালে ৮৩ বছর বয়সে মারা যান। মাদুরো ও নোরিয়েগা দুই ঘটনার কাঠামো প্রায় একই রকম। অভিযোগ, অভিযান এবং গ্রেপ্তার—সবকিছু মিলিয়ে মার্কিন পররাষ্ট্র নীতির এক আগ্রাসী ধারাই ফুটে উঠেছে এই ঘটনাগুলোতে।

