যুক্তরাষ্ট্রের হামলায় ভেনিজুয়েলায় নিরাপত্তা বাহিনীর বড় ক্ষতি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের পরিচালিত বিশেষ অভিযানে তার নিরাপত্তা দলের একটি বড় অংশ নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন কমান্ডো বাহিনীর এই হামলায় প্রেসিডেন্টের দেহরক্ষীদের ব্যাপক হতাহত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এই তথ্য নিশ্চিত করেছেন, তবে নিহতদের সঠিক সংখ্যা নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।
প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটি সাংবিধানিক ধারাবাহিকতা ও রাষ্ট্র পরিচালনার স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ সক্রিয় করা হয়েছে এবং সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’ মোকাবিলায় ভেনেজুয়েলা সবসময় প্রস্তুত।
সরকার ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং এই অভিযানকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণ নাগরিকদের শান্ত থাকার এবং রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে পাদ্রিনো জনগণের প্রতি ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার অনুরোধ জানিয়েছেন।

