ভেনেজুয়েলায় ডেল্টা ফোর্স, মাদুরোকে তুলে আনায় বিতর্ক
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় এক ব্যাপক সামরিক অভিযান পরিচালিত হয়েছে। সাড়ে চার ঘণ্টাব্যাপী এই গোপন অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করেছে মার্কিন বাহিনী। অপরদিকে, ভেনেজুয়েলায় ক্ষমতা পরিবর্তনে নোবেল শান্তি পুরস্কার জয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে কাজ করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। গত শনিবার তিনি বলেন, মাচাদো যদিও ভদ্রলোক, তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে তার পর্যাপ্ত জনসমর্থন ও গ্রহণযোগ্যতার অভাব রয়েছে।
মাদুরোকে গ্রেপ্তারের জন্য মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্সকে কাজে লাগানো হয়। এটি সম্প্রতি সময়ের অন্যতম জটিল সামরিক অভিযান হিসেবে পরিগণিত হচ্ছে। নিরাপদ আশ্রয়কেন্দ্রের প্রতিটি কোণা যাচাই করতে মাদুরোর বাসভবনের হুবহু একটি নকল মডেল তৈরি করে তাতে বারবার অনুশীলন চালায় ডেল্টা ফোর্স। শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে ভেতরে প্রবেশ করা যায়, তার প্রতিটি ধাপ ছিল সুনিপুণভাবে পরিকল্পিত।
এই সামরিক হামলাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বয়ে গেছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই ঘটনাকে সরাসরি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি জানান, মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কের ফেডারেল হেফাজতে নিয়ে আসার পরিকল্পনা তাকে জানানো হয়েছে। ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপের কারণে এই পদক্ষেপ বিশ্বজুড়ে নতুন কূটনৈতিক সংকট সৃষ্টি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

