ফিলিস্তিনিদের ওপর হামলা: সাবেক প্রধানমন্ত্রীর জাতিগত নিধনের অভিযোগ
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট দেশটির বর্তমান নীতির তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান হামলা ও সহিংসতা আসলে একটি পরিকল্পিত জাতিগত নিধন প্রক্রিয়া। গত শুক্রবার (২ জানুয়ারি) ইসরাইলি সংবাদপত্র হারেৎজে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর এই হামলার মূল উদ্দেশ্য হলো তাদের ওই অঞ্চল থেকে ধীরে ধীরে উচ্ছেদ করা এবং এটি সরকারের একটি সুনির্দিষ্ট নীতির অংশ।
নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে এই সহিংসতাকে কিছু উচ্ছৃঙ্খল কিশোরের কর্মকাণ্ড বলা হলেও, ওলমার্ট একে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছেন। তার মতে, বসতি স্থাপনকারীরা একটি সামরিক মিলিশিয়ার মতো কাজ করছে এবং এর পেছনে পুলিশ ও প্রশাসনের পূর্ণ সহযোগিতা রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ২৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে, যা ২০০৬ সালের পর থেকে সর্বোচ্চ। এতে ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী থাকাকালীন ওলমার্ট গাজায় অভিযান চালিয়েছিলেন, যেখানে ১ হাজার ৪০০ জনের বেশি নিহত এবং ১ লাখ মানুষ গৃহহীন হয়েছিলেন।
নিবন্ধে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও সতর্কবার্তা দিয়েছেন এই সাবেক প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কট্টরপন্থী মন্ত্রীদের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের হত্যাকাণ্ডের পরিবেশ সৃষ্টি করছে, যা ভবিষ্যতে দেশটির জন্য হুমকিস্বরূপ।

