পাঁচ মাসের গোপন পরিকল্পনায় সুরক্ষিত বাসভবন থেকে মাদুরোকে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের এই অভিযানে দেশটির সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনার দুর্গের মতো বাসভবন থেকে তাকে আটক করা হয়। এই সফল অভিযানের পেছনে মূল ভূমিকা ছিল মাদুরোর ঘনিষ্ঠ এক বিশ্বাসঘাতকের, যিনি গোপনে সিআইএ’র কাছে সব তথ্য পাচার করছিলেন।
মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স, সিআইএ এবং এফবিআই যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। গত আগস্ট থেকেই গোয়েন্দারা ভেনিজুয়েলায় প্রবেশ করে মাদুরোর প্রতিটি নড়াচড়া ও দৈনন্দিন অভ্যাসের ওপর নজরদারি রাখছিল। অভিযানের প্রস্তুতি হিসেবে কেনটাকিতে তার বাসভবনের হুবহু নকল তৈরি করে বারবার মহড়া চালায় ডেল্টা ফোর্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাত ১০টা ৪৬ মিনিটে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর সাইবার হামলার মাধ্যমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিযান শুরু হয়।
এফ-৩৫, এফ-২২ এবং ড্রোনসহ ১৫০টিরও বেশি সামরিক বিমান এই অভিযানে অংশ নেয়। রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করতে ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করা হয়, যা ১৫ বছর আগে ওসামা বিন লাদেন হত্যা অভিযানের সময়ও ব্যবহৃত হয়েছিল। ভেনিজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এরপর বিশেষ বাহিনীর হেলিকপ্টার মাদুরোর কম্পাউন্ডে প্রবেশ করে তাকে আটক করতে সক্ষম হয়।

