আমেরিকার কড়া হাত: নরিয়েগা থেকে মাদুরো, প্রেসিডেন্ট ধরার ইতিহাস
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিউইয়র্কের কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নতুন নয় বরং ইতিহাসের পুনরাবৃত্তি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগেও ১৯৮৯ সালে সামরিক অভিযান চালিয়ে পানামার শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে উৎখাত ও গ্রেপ্তার করেছিল ওয়াশিংটন। দুটি ঘটনার মধ্যে রয়েছে আশঙ্কাজনক মিল।
৩৬ বছর আগে ‘অপারেশন জাস্ট কজ’-এর মাধ্যমে পানামায় হানা দেয় মার্কিন বাহিনী। একসময় মার্কিন মিত্র হলেও মাদক পাচার ও নির্বাচনী কারচুপির অভিযোগে নোরিয়েগার ওপর ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ মার্কিন নাগরিকদের নিরাপত্তার কথা জানিয়ে প্রায় ২০ হাজার সেনা মোতায়েন করেন। ভ্যাটিকান দূতাবাসে আশ্রয় নেওয়া নোরিয়েগাকে বের করতে মার্কিন সেনারা ১১ দিন ধরে দূতাবাসের বাইরে জোরে রক মিউজিক বাজাতে থাকে। এই সামরিক আগ্রাসনে পানামার শতাধিক মানুষ ও ২৩ মার্কিন সেনা প্রাণ হারান।
১৯৯০ সালের ৩ জানুয়ারি আত্মসমর্পণ করে মায়ামিতে নিয়ে যাওয়া হয় নোরিয়েগাকে। পরবর্তীতে মাদক ও অর্থ পাচারের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জীবনের শেষ দিনগুলো তিনি বিভিন্ন দেশের কারাগারে কাটিয়ে ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। নোরিয়েগা ও মাদুরো—দুজনের বিরুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্র একই ধরনের অভিযোগ এনেছে, যা ওয়াশিংটনের বিরোধী নেতাদের প্রতি তাদের দীর্ঘদিনের কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ।

