দিল্লির অতিথি হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি ওয়াইসির

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ৬:২৫ পিএম
দিল্লির অতিথি হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি ওয়াইসির

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি সরাসরি মোদিকে উদ্দেশ্য করে বলেন, দিল্লিতে যিনি তার ‘বোন’ হিসেবে আছেন, তাকে বাংলাদেশে পৌঁছে দিতে হবে।

জনসভায় ওয়াইসি মহারাষ্ট্র সরকারের সমালোচনা করে বলেন, মুম্বাই ও মহারাষ্ট্র থেকে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার যে কথা হচ্ছে, তাহলে দিল্লিতে অবস্থানরত সেই বিশেষ ব্যক্তিকেও বের করে দিয়ে বাংলাদেশে পাঠানো উচিত। তার এই বক্তব্যের মাঝে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাকে বাংলাদেশে পাঠানোর স্লোগান দিতে থাকে। ওয়াইসি মোদিকে উদ্দেশ্য করে বলেন, এই আওয়াজ শুনে তাকে দ্রুত বের করে দিতে হবে।

এর আগেও বিহারের এক নির্বাচনী সমাবেশে মোদির বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে দেওয়া বক্তব্যের জবাবে ওয়াইসি একই দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, বরং একজন দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর থেকেই শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন, যা নিয়ে ভারতীয় রাজনীতিতে বারবার আলোচনা উঠে এসেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...