যুক্তরাষ্ট্রের সাহসী অভিযানে তুলে নেওয়া হলো মাদুরোকে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করতে ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামে এক অত্যন্ত গোপনীয় ও দুঃসাহসিক সামরিক অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি তত্ত্বাবধানে ডেল্টা ফোর্সসহ দেশটির এলিট সেনা ইউনিট কারাকাসের একটি সুরক্ষিত বাসভবনে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। দশকের পর দশক ধরে এটিই যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক অপারেশন হিসেবে বিবেচিত হচ্ছে।
এই আকস্মিক অভিযানের পেছনে ছিল মাসব্যাপী প্রস্তুতি এবং নিখুঁত পরিকল্পনা। গত আগস্ট মাস থেকেই সিআইএ’র একটি বিশেষ দল ভেনেজুয়েলায় অবস্থান করছিল এবং মাদুরোর অন্তঃপ্রাচারে থাকা একজন তথ্যদাতার মাধ্যমে তার গতিবিধির ওপর নজরদারি রাখছিল। পেন্টাগন এমনকি মাদুরোর বাসভবনের একটি প্রতিকৃতি তৈরি করে কমান্ডোদের প্রশিক্ষণ দেয়। গত ৩০ ডিসেম্বর ট্রাম্পের অনুমোদনের পর শুক্রবার রাতে চূড়ান্ত সবুজ সংকেত দেওয়া হয়। এরপর ক্যারিবীয় অঞ্চলে ১৫ হাজারেরও বেশি সেনা, একটি বিমানবাহী রণতরি, ১১টি যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ ও এফ-২২ এর মতো প্রায় ১৫০টি যুদ্ধবিমান মোতায়েন করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে হেলিকপ্টার বহর নিয়ে মাদুরোর বাসভবনে হানা দেয় মার্কিন বাহিনী। ব্যাপক প্রতিরোধ উপেক্ষা করে অত্যাধুনিক ব্লোটর্চ দিয়ে মুহূর্তের মধ্যেই ইস্পাতের দরজা কেটে ভেতরে প্রবেশ করে তারা। ট্রাম্প জানিয়েছেন, মাদুরো একটি সেফ রুমে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও সেনারা অতি দ্রুত সেখানে পৌঁছে যায়। পরে ঘুমন্ত অবস্থায় তাদের বিছানা থেকে তুলে নিয়ে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে ‘ইউএসএস আইও জিমা’ যুদ্ধজাহাজে নিয়ে যাওয়া হয়। ফ্লোরিডার মার-আ-লাগো থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে পুরো অভিযান পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট।

