ট্রাম্পের সরাসরি নির্দেশে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে নিল যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি তত্ত্বাবধানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। গত শনিবার (৩ জানুয়ারি) ভোররাতে কারাকাসে মাদুরোর সুরক্ষিত বাসভবনে ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামে পরিচিত এই দুঃসাহসিক অভিযান পরিচালনা করা হয়। ডেল্টা ফোর্সসহ মার্কিন এলিট কমান্ডোরা মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় দম্পত্যকে বিছানা থেকে তুলে নিয়ে যায় এবং পরে তাদের চোখ বেঁধে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস আইও জিমা’-তে স্থানান্তর করা হয়।
এই অভিযানের জন্য পেন্টাগন বিপুল সামরিক শক্তি মোতায়েন করেছিল। ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরি, ১১টি যুদ্ধজাহাজ এবং ১৫ হাজারের বেশি সেনা জড়ো করা হয়। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করতে এফ-৩৫, এফ-২২ ও বি-১ বোম্বারসহ প্রায় ১৫০টি যুদ্ধবিমান ব্যবহার করা হয়। কমান্ডোরা অত্যাধুনিক ব্লোটর্চ দিয়ে ভবনের ইস্পাতের দরজা কেটে ভেতরে প্রবেশ করে এবং মাদুরো নিরাপদ ঘরে পালানোর আগেই তাকে আটক করতে সক্ষম হয়।
আকস্মিক মনে হলেও এর পেছনে ছিল মাসব্যাপী গোপন পরিকল্পনা। গত আগস্ট থেকেই সিআইএ’র একটি দল মাদুরোর গতিবিধির ওপর নজর রাখছিল এবং তার ঘনিষ্ঠ একজন তথ্যদাতা গুরুত্বপূর্ণ সহায়তা করেছেন। মার্কিন গোয়েন্দাদের তৈরি করা মাদুরোর ‘সেফ হাউসের’ প্রতিকৃতিতে বারবার মহড়া চালিয়েছিল ডেল্টা ফোর্স। স্টিফেন মিলার, মার্কো রুবিও, পিট হেগসেথ এবং জন র্যাটক্লিফকে নিয়ে গঠিত একটি কোর টিম এই অভিযান তত্ত্বাবধান করে। শুক্রবার রাত ১০টা ৪৬ মিনিটে চূড়ান্ত সবুজ সংকেত দিয়ে ফ্লোরিডার মার-আ-লাগো থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সবকিছু তত্ত্বাবধান করেন ট্রাম্প।
অভিযান সফল হওয়ার পর ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনি অনেক সফল অভিযান দেখেছেন কিন্তু এর আগে এমনটি কখনও দেখেননি। দশকের মধ্যে অন্যতম বড় এই সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র এক বিরাট সামরিক সক্ষমতার পরিচয় দিল।

