মাদুরোকে গ্রেপ্তার, ভেনেজুয়েলা শাসনের ঘোষণা ট্রাম্পের
ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটি পরিচালনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে দেশটির দায়িত্ব সামলাবে। এর আগে ভোরে রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী।
মাদুরোকে আটকের পর তাকে নিউইয়র্কের স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়, যেখানে তার চোখ বাঁধা অবস্থায় নামানোর দৃশ্য মার্কিন গণমাধ্যমে প্রচারিত হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, নার্কো-সন্ত্রাসবাদে ষড়যন্ত্র, কোকেন পাচার এবং ধ্বংসাত্মক অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগে মাদুরোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে, ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বড় তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় গিয়ে ভেঙে পড়া অবকাঠামো মেরামত করবে এবং দেশটির অর্থনীতি চাঙ্গা করে জনগণকে সমৃদ্ধ করবে।
সোমবার ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে মাদুরোর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক নেতৃবৃন্দ। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছেন। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেন সল মাদুরোকে গ্রেপ্তারের ঘটনাকে ‘অবৈধ অপহরণ’ ও ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছেন।

