মাদুরোকে অপসারণে মার্কিন অভিযান, গভীর উদ্বেগে জাতিসংঘ

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ২:৫৮ এএম
মাদুরোকে অপসারণে মার্কিন অভিযান, গভীর উদ্বেগে জাতিসংঘ

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন গুতেরেস, যা বিশ্বশান্তির জন্য অশুভ ইঙ্গিত বহন করে।

এ অবস্থায় রাশিয়া ও চীনের সমর্থন নিয়ে ভেনিজুয়েলা এবং কলম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে। জাতিসংঘে ভেনিজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিতে মার্কিন এই আক্রমণকে ‘বিশ্বাসঘাতকতা’ আখ্যা দিয়ে সতর্ক করেছেন। তার অভিযোগ, শান্তিপূর্ণ একটি দেশের ওপর এই আগ্রাসন আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

অবশ্য মার্কিন পক্ষ থেকে এই অভিযানকে ন্যায়সঙ্গত বলে দাবি করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এটি সরাসরি ক্ষমতা বদলের অভিযান নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছে। তিনি মাদুরোকে স্বৈরাচারী এবং মাদক ও সন্ত্রাসবাদে জড়িত বলে অভিযুক্ত করেন। ট্রাম্প প্রশাসন আগেই মাদক পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে ভেনিজুয়েলার দুটি তেলবাহী ট্যাংকার আটক করেছিল এবং জাতিসংঘের ৫১ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে আত্মরক্ষার অধিকার দাবি করেছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...