মাদুরো গ্রেপ্তার: অভিযানটা ছিল টিভি শো-এর মত: ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ২:১৭ এএম
মাদুরো গ্রেপ্তার: অভিযানটা ছিল টিভি শো-এর মত: ট্রাম্প

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হননি এবং গোটা প্রক্রিয়াটি ছিল একেবারে টেলিভিশন অনুষ্ঠানের মতো সাবলীল। তিনি বলেন, ভেনিজুয়েলায় অন্ধকার নেমে আসার পরই এই অভিযান সফলভাবে পরিচালনা করা হয়।

ট্রাম্প জানান, অভিজ্ঞ সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, পৃথিবীর আর কোনো দেশ এমন নিখুঁত সামরিক অভিযান চালানোর সক্ষমতা রাখে না। হেলিকপ্টার ও যুদ্ধবিমানসহ বিপুল সংখ্যক বিমান ব্যবহার করে এই অপারেশন পরিচালনা করা হয়। বৈরী আবহাওয়ার কারণে চার দিন আগে নির্ধারিত এই অভিযান স্থগিত করতে হয়েছিল। অভিযানটি অবিশ্বাস্য এবং মার্কিন সেনাবাহিনী অভূতপূর্ব দক্ষতার পরিচয় দিয়েছে বলে দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, মাদুরো ও তার স্ত্রীকে বর্তমানে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা হওয়ার সময় তাকে হার মানতে হবে বলে সতর্ক করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। পুরো অভিযানের ওপর তিনি সরাসরি নজর রাখছিলেন এবং কোনো প্রকার বাধা ছাড়াই এটি সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...