মাদুরো গ্রেপ্তারে উচ্ছ্বাস, নতুন ভেনিজুয়েলার স্বপ্ন দেখছেন মাচাদো
মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর দেশটিতে নতুন করে আশার আলো দেখছেন বিরোধী নেতারা। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ও শান্তিতে নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো এই ঘটনাকে দেশের স্বাধীনতা অর্জনের সূচনা বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, মাদুরোর পতনের মাধ্যমে দক্ষিণ আমেরিকার এই দেশটি আবারও গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে পারবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মাচাদো জানান, নাগরিকদের ওপর নির্যাতনের কারণে নিকোলাস মাদুরো এখন আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন হবেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ভেনিজুয়েলায় আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তারা পূরণ করেছে। ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গনসালবেজ উরুতিয়াকে ক্ষমতায় বসানোর দাবি জানিয়েছেন এই নোবেল জয়ী। ওই নির্বাচনে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করার অভিযোগ ছিল মাদুরোর বিরুদ্ধে এবং উরুতিয়াকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল।
মাচাদো তার বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভেনিজুয়েলান নাগরিকদের এক করে একটি নতুন ও আধুনিক রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন তিনি। তার বিশ্বাস, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জয় এসেছে এবং খুব শিগগিরই পুরোপুরি স্বাধীন হবে ভেনিজুয়েলা।

