ভেনিজুয়েলার ক্ষমতাধর ফার্স্ট লেডি যিনি ‘যোদ্ধা’

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ১১:৫৪ পিএম
ভেনিজুয়েলার ক্ষমতাধর ফার্স্ট লেডি যিনি ‘যোদ্ধা’

ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রী হলেও সিলিয়া ফ্লোরেস সাধারণ কোনো ফার্স্ট লেডি নন। তিনি নিজেকে ‘প্রথম যোদ্ধা’ বলে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। সম্প্রতি মার্কিন সামরিক অভিযানের গুঞ্জনের মধ্যে দেশটির রাজনীতিতে তার প্রভাব নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

রাজনীতিতে তার পথচলা অনেক আগে থেকেই। একজন আইনজীবী ও দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠক হিসেবে তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের আইনজীবী ছিলেন এবং ১৯৯৪ সালে কারাগার থেকে তাকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি জাতীয় পরিষদের প্রেসিডেন্ট পদ মাদুরোর হাতে তুলে দেন এবং ২০১৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

গোয়েন্দাদের মতে, ভেনেজুয়েলার শাসনব্যবস্থা আসলে একটি ‘দ্বৈত প্রেসিডেন্সি’। মাদুরো যখন সরকারের মুখমাত্র, তখন সিলিয়া ফ্লোরেস দেশের বিচার বিভাগের নিয়ন্ত্রণে থাকেন। সমালোচকদের অভিযোগ, তিনি সুপ্রিম কোর্ট ও জাতীয় কোষাগারের মতো গুরুত্বপূর্ণ সংস্থায় নিজ পরিবারের প্রায় ৪০ জন সদস্যকে বসিয়েছেন, যা রাষ্ট্রকে পারিবারিক ব্যবসায় পরিণত করেছে। দুর্নীতির অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বরে মার্কিন ট্রেজারি বিভাগ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

বর্তমানে মাদুরোকে আটকের খবরের সাথে সিলিয়া ফ্লোরেসের নামও উঠে এসেছে। গোয়েন্দা তথ্য মতে, দেশের বাইরে লুকিয়ে রাখা বিপুল সম্পদ এবং বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের চাবিকাঠি তার হাতেই রয়েছে। মাদক পাচারের অর্থ সাদা করার অভিযোগে তাকে আটক করা হলে তুরস্ক, রাশিয়া ও চীনে গচ্ছিত ভেনেজুয়েলার সম্পদের হদিস মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...