ট্রাম্পের ঘোষণা: মাদুরো গ্রেপ্তারের পর শাসক নির্ধারণে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির পরবর্তী শাসন ব্যবস্থা কী হবে, তা নির্ধারণে সরাসরি ভূমিকা পালন করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাদুরোর পদচ্যুতির পর ক্ষমতায় যেন তার আদর্শের কেউ না আসে, সেজন্য ওয়াশিংটন এই পদক্ষেপ নিচ্ছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্য কোনো ব্যক্তি ক্ষমতা দখল করে মাদুরোর অবশিষ্টাংশ চালিয়ে যাওয়ার ঝুঁকি তারা নিতে পারেন না।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই সামরিক অভিযান সরাসরি তদারকি করেছেন ট্রাম্প। তিনি বর্ণনা দিয়েছেন, এটি ছিল অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ একটি অপারেশন। গ্রেপ্তারের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ইও জিমাতে করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে অবশ্য ট্রাম্প ও মাদুরোর মধ্যে ফোনালাপ হয়েছিল এবং সমঝোতার সুযোগও দেওয়া হয়েছিল।
অন্যদিকে, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেছেন, নিকোলাস মাদুরোই এখনো দেশটির সংবিধান অনুযায়ী বৈধ রাষ্ট্রপ্রধান এবং তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনা হোক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অভিযানের পূর্বে ট্রাম্প প্রশাসন মাদুরোকে বিকল্প পথ বেছে নেওয়ার জন্য একাধিকবার সুযোগ প্রদান করেছিল।

