মাদুরোকে গ্রেপ্তার: জাতিসংঘে জরুরি বৈঠক ডাকল ভেনেজুয়েলা

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ৮:১০ পিএম
মাদুরোকে গ্রেপ্তার: জাতিসংঘে জরুরি বৈঠক ডাকল ভেনেজুয়েলা

মার্কিন সামরিক বাহিনীর হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ভান গিল পিন্টো জানিয়েছেন, গত শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এই অভিযান চালিয়ে তাদের দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে কারাকাস।

জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ওয়াশিংটনের বিরুদ্ধে ‘উপনিবেশিক যুদ্ধ’ পরিচালনার অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পক্ষ থেকে বলা হয়েছে, মাদুরো সরকারকে উৎখাত করে দেশটির প্রাকৃতিক সম্পদ লুটের উদ্দেশ্যেই এই আগ্রাসন চালানো হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বড় আকারের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জাতিসংঘে ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মঙ্কাদা এই কর্মকাণ্ডকে বিশ্ব সংস্থার সংবিধানের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ইয়ভান গিল পিন্টো টেলিগ্রামে লিখেছেন, মার্কিন আগ্রাসনের মোকাবিলায় আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ জরুরি। তিনি আরও জানান, কোনো কাপুরুষোচিত আক্রমণই ভেনেজুয়েলার জনগণের শক্তিকে দমিয়ে রাখতে পারবে না এবং সার্বভৌমত্ব রক্ষায় তারাই শেষ পর্যন্ত বিজয়ী হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...