মার্কিন হেফাজতে মাদুরো, ভেনিজুয়েলায় অভিযান স্থগিত

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ৭:৩৭ পিএম
মার্কিন হেফাজতে মাদুরো, ভেনিজুয়েলায় অভিযান স্থগিত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিনেটর মাইক লির সাথে ফোনালাপে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। লি জানান, মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় আর কোনো হামলার প্রয়োজন নেই।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে এক বড় অভিযানে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করে ভেনিজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মাইক লি জানান, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের জন্য যারা কাজ করছিলেন তাদের সুরক্ষায় গত রাতে ভেনিজুয়েলায় হামলা চালানো হয়েছিল।

এদিকে, মাদুরো ও তার স্ত্রীর জীবিত থাকার প্রমাণ দিতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রাষ্ট্রীয় টিভিতে ভাষণে তিনি বলেন, তারা কোথায় এবং কী অবস্থায় আছেন তা জানতে চায় কারাকাস। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। বিস্তারিত তথ্য জানাতে আজ মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ট্রাম্প।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...