যুক্তরাষ্ট্রের হামলার দাবি ট্রাম্পের, ভেনেজুয়েলায় সেনা মোতায়েন

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ৪:৫৬ পিএম
যুক্তরাষ্ট্রের হামলার দাবি ট্রাম্পের, ভেনেজুয়েলায় সেনা মোতায়েন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশব্যাপী সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মাদুরোর নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী কাজ করছে জানিয়ে তিনি বলেছেন, আগ্রাসন সত্ত্বেও তারা ভেঙে পড়বে না।

এক ভিডিও বার্তায় প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনাকে ভেনেজুয়েলার ওপর সবচেয়ে ন্যাক্কারজনক আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এই অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে শুরু হওয়া এই অভিযানের পর থেকেই কারাকাসে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখা গেছে। বিস্ফোরণের প্রভাবে রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সরকার মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, মার-এ-লাগোতে স্থানীয় সময় সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে এই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...