নিউইয়র্ক মেয়রের ইসরায়েলবিরোধী পদক্ষেপ, তীব্র প্রতিক্রিয়া তেল আবিবের

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ২:১০ পিএম
নিউইয়র্ক মেয়রের ইসরায়েলবিরোধী পদক্ষেপ, তীব্র প্রতিক্রিয়া তেল আবিবের

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলপন্থী বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেছেন। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) কার্যভার গ্রহণের পর তার এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি অধিকারকর্মীরা। তবে মামদানির এই পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল সরকার এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রথম কার্যদিবসেই মেয়র মামদানি তার পূর্বসূরি এরিক অ্যাডামসের জারি করা সব নির্বাহী আদেশ প্রত্যাহার করেন। এর মধ্যে অন্যতম ছিল ইসরায়েলকে বয়কট করার ওপর নিষেধাজ্ঞা। গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগের মুখে থাকা অ্যাডামস ওই সময় নগর কর্মকর্তাদের ইসরায়েল বা এর মিত্রদের প্রতি বৈষম্যমূলক হতে পারে এমন কোনো চুক্তি করতে নিষেধ করেছিলেন। এছাড়া ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) দেওয়া ইহুদি-বিদ্বেষের যে বিতর্কিত সংজ্ঞা গ্রহণ করা হয়েছিল, তাও বাতিল করা হয়েছে। ফিলিস্তিনি সমর্থকরা দীর্ঘদিন ধরে ওই সংজ্ঞার বিরোধিতা করে আসছিলেন।

মেয়রের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ও সাহসী বলে অভিহিত করেছেন মানবাধিকার কর্মীরা। প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্টের সদস্য নাসরিন ইসা বলেন, ইসরায়েল ও তাদের সমর্থকরা ভিন্নমতকে অপরাধ হিসেবে গণ্য করার চেষ্টা করছিলেন। তিনি মামদানির পদক্ষেপকে নিউইয়র্কবাসী ও ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন। সিএআইআর-এর নিউইয়র্ক শাখার প্রধান আফাফ নাসেরও অসাংবিধানিকভাবে ইসরায়েলকে বিশেষ সুবিধা দেওয়ার প্রক্রিয়া বন্ধের জন্য মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন।

অপরদিকে, এই সিদ্ধান্তের জেরে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, মামদানি তার প্রকৃত রূপ দেখাতে শুরু করেছেন এবং এটি ইহুদি-বিদ্বেষকে উস্কে দেওয়ার শামিল। দেশটির প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি এমনকি মামদানিকে ‘হামাসের প্রতি সহানুভূতিশীল’ বলে অভিযুক্ত করেছেন। যদিও বিশ্লেষকদের মতে, ইসরায়েলি মন্ত্রীর এমন অভিযোগের কোনো ভিত্তি নেই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...