মিয়ানমারে বিতর্কিত ভোটে সেনা সমর্থিত দলের বড় জয়
২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমারে অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এগিয়ে রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত খবরে জানা যায়, ইউনিয়ন নির্বাচন কমিশন ৫৬টি আসনের ফলাফল ঘোষণা করেছে, যেখানে জান্তা সমর্থিত দলটি প্রত্যাশিতভাবেই ব্যাপক ব্যবধানে জয় পেয়েছে। এছাড়া হোয়াইট টাইগার পার্টি নামে পরিচিত শান ন্যাশনালিটিস ডেমোক্র্যাটিক পার্টি এবং মন ইউনিটি পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে।
এই নির্বাচন নিয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন কঠোর সমালোচনা করেছে। তাদের যুক্তি, জান্তা বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। নির্বাচন কমিশন প্রথম দফায় মোট কতগুলো আসনে ভোট হয়েছে তা স্পষ্টভাবে জানায়নি, তবে নির্বাচনী এলাকা অনুসারে আংশিক ফলাফল প্রকাশ করছে। এদিকে, বুধবার জান্তা প্রশাসন দাবি করেছে যে প্রায় ৫২ শতাংশ ভোটার এবার ভোট দিয়েছেন।
তবে বাস্তবতা ভিন্ন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের তথ্য অনুযায়ী, ২০১৫ এবং ২০২০ সালের সাধারণ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। বর্তমান নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম হওয়ার কারণে চূড়ান্ত ফলাফল নিয়েও রয়েছে নানা প্রশ্ন, যার তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

