কানাডায় বৈধতার সংকটে ১০ লাখ ভারতীয়
কানাডায় অবস্থানরত প্রায় ১০ লাখ ভারতীয় নাগরিক এখন বৈধ অবস্থান হারানোর মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে আসার পাশাপাশি স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ সীমাবদ্ধ হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। দেশটির সরকার সম্প্রতি অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করায় লাখ লাখ মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
মিসিসাগা-ভিত্তিক অভিবাসন বিশেষজ্ঞ কানওয়ার সিরাহ কানাডার অভিবাসন দপ্তরের (আইআরসিসি) তথ্যের বরাত দিয়ে জানিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ১০ লাখ ৫৩ হাজার এবং ২০২৬ সালের মধ্যে আরও ৯ লাখ ২৭ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে। বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে দেশটিতে প্রায় ২০ লাখ মানুষ নথিপত্রহীন হয়ে পড়তে পারেন, যাদের অর্ধেকই ভারতীয়। নতুন ভিসা বা পিআর পাওয়ার সুযোগ কমে যাওয়ায় এবং অ্যাসাইলাম আইনে কড়াকড়ি আরোপের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই সংকটের প্রভাব ইতিমধ্যেই কানাডার সমাজে প্রকাশ পেতে শুরু করেছে। বৃহত্তর টরন্টোর বিভিন্ন এলাকায় বিশেষ করে ব্র্যাম্পটন ও ক্যালেডনের বনাঞ্চলে অনেক অভিবাসীকে তাঁবু খাটিয়ে বসবাস করতে দেখা যাচ্ছে। বৈধতা হারানোর ভয়ে অনেককে নামমাত্র মজুরিতে কাজ করতে বাধ্য হতে হচ্ছে এবং কিছু মানুষ ভুয়া বিয়ের মতো অনৈতিক পথে পা বাড়াচ্ছেন। এর প্রতিবাদে ‘নওজোয়ান সাপোর্ট নেটওয়ার্ক’-এর মতো সংগঠনগুলো আগামী জানুয়ারি থেকে বৃহৎ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তারা কানাডার অর্থনীতিতে কাজ করা এসব মানুষকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

