নিউইয়র্কের মেয়র জোহরা: স্বপ্নের পথে চার বড় চ্যালেঞ্জ ও বাস্তবতা
২০২৬ সালের প্রথম দিনে তীব্র শীত উপেক্ষা করে হাজারো উৎসাহী সমর্থকের উপস্থিতিতে নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথ নিলেন জোহরা মামদানি। এক জমকালো অনুষ্ঠানে তিনি এই ব্যয়বহুল শহরকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার অভিষেক ভাষণে নিরাপত্তা, সাশ্রয়ী জীবনযাপন এবং সামগ্রিক সমৃদ্ধি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়, যেখানে তিনি সরকারকে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মেয়র মামদানি বেশ কিছু বড় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় সবার জন্য বিনামূল্যে শিশু যত্ন, গণপরিবহনে ভাড়া মওকুফ এবং সিটি কর্তৃপক্ষ পরিচালিত মুদি দোকান স্থাপন। তবে নিউইয়র্ক ইউনিভার্সিটির রাজনীতি বিভাগের অধ্যাপক প্যাট্রিক ইগান মনে করেন, এসব উচ্চাভিলাসী পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে মেয়রকে তার সর্বোচ্চ রাজনৈতিক দক্ষতা খাটাতে হবে। তিনি বলেন, শহরটির বিশালতা ও জটিলতার কারণে সবকিছু একসঙ্গে সম্ভব হবে কি না তা এখনই নিশ্চিত করা যায় না।
দায়িত্ব গ্রহণের শুরুতেই জোহরা মামদানির সামনে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হিসেবে রাজনৈতিক মিত্রদের সাথে সমন্বয় রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয় কমানোর অংশ হিসেবে তিনি সাবসিডিযুক্ত বাসার ভাড়া বৃদ্ধি স্থগিত রাখার পরিকল্পনা করছেন। বিশ্লেষকদের মতে, ভাড়া নিয়ন্ত্রণ বোর্ডে তার অনুকূলে সদস্য নিয়োগ দিয়ে এই ইস্যুতে দ্রুত অগ্রগতি সম্ভব। তবে বৃহত্তর উন্নয়নের জন্য তাকে রাজনৈতিক অঙ্গনে জোট গড়ে তোলা এবং বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে।

