নেতানিয়াহু এখন ফেরাউন, ত্রাণে বাধায় তোপ এরদোগানের

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ১০:২১ এএম
নেতানিয়াহু এখন ফেরাউন, ত্রাণে বাধায় তোপ এরদোগানের

গাজায় মানবিক সংকট ও ত্রাণ বিতরণে বাধা দেওয়ার প্রতিবাদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঐতিহাসিক নির্যাতক ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার (২ জানুয়ারি) ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এরদোগান অভিযোগ করেন, গাজার শিশুরা খোলা আকাশের নিচে কাদা ও বৃষ্টিতে কাতর হয়ে দিন কাটাচ্ছে, কিন্তু ইসরায়েল তাদের জন্য পাঠানো ত্রাণসামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসরায়েল সরকার গাজা উপত্যকায় কাজ করা ৩৭টি আন্তর্জাতিক সহায়তা সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করেছে, যার মধ্যে ‘ডক্টর্স উইদাউট বর্ডারস’ও রয়েছে। এসব সংস্থার বিরুদ্ধে হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনলেও তেল আবিব তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল এবং ইসরায়েলের নিজস্ব ১৯টি মানবাধিকার সংগঠন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তার দেশ কন্টেইনারে ত্রাণ পাঠাতে চাইলেও নেতানিয়াহু তা আটকে দিচ্ছেন।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইস্তাম্বুলের গালাতা সেতুতে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশের প্রশংসা করেন এরদোগান। তিনি জানান, ফিলিস্তিনিরা একা নয়, সমগ্র ইসলামি বিশ্ব তাদের পাশে দাঁড়িয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত বছরের এপ্রিল মাস থেকে ইসরায়েলের সঙ্গে আমদানি-রফতানি ও ট্রানজিট বাণিজ্য সম্পূর্ণভাবে স্থগিত রেখেছে আঙ্কারা। এরদোগান দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, আল্লাহর রহমতে তারা গাজার মানুষকে এই দুর্যোগ থেকে মুক্ত করতে বদ্ধপরিকর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...