মেক্সিকোতে ৬.৫ মাত্রার কম্পন: নিহত ২, আহত ১২, আতঙ্কে রাজধানী

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ৯:০৩ এএম
মেক্সিকোতে ৬.৫ মাত্রার কম্পন: নিহত ২, আহত ১২, আতঙ্কে রাজধানী

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। ছুটির সপ্তাহান্তে সকালে এই কম্পন অনুভূত হলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র আকাপুলকো থেকে শুরু করে রাজধানী মেক্সিকো সিটি পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে আসে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গুয়েরেরো রাজ্যের সান মার্কোসের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৪ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রাজধানীতে দ্বিতীয় তলার একটি বাসা থেকে দ্রুত বের হওয়ার সময় ৬০ বছর বয়সী এক ব্যক্তি পড়ে গিয়ে নিহত হন। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানিয়েছেন, এই ঘটনায় আরও ১২ জন আহত হলেও দেশটির বৃহত্তম এই শহরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রায় ৪০০ কিলোমিটার দূরে রাজধানীতে কম্পন অনুভূত হলে সেখানে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম তার প্রাতিষ্ঠানিক সংবাদ সম্মেলন থামিয়ে প্রেসিডেনশিয়াল প্যালেস ত্যাগ করতে বাধ্য হন। আকাপুলকোর নিকটবর্তী এলাকায় কিছু মাঝারি মাত্রার ক্ষয়ক্ষতি হলেও সরকারি পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...