ট্রাম্পের হুমকির প্রতিবাদে জাতিসংঘে চিঠি দিলেন ইরান রাষ্ট্রদূত
ইরানে চলমান বিক্ষোভ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি ট্রাম্পের এই মন্তব্যকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন তিনি।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বা হত্যা করলে ইরানের বিরুদ্ধে যেকোনো সময় পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা ব্যবস্থায় জাতিসংঘে চিঠি পাঠান ইরানি রাষ্ট্রদূত। চিঠিতে তিনি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ‘বেপরোয়া ও উসকানিমূলক’ আখ্যা দিয়ে বলেন, অভ্যন্তরীণ অস্থিরতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সামরিক হস্তক্ষেপের হুমকি ইরানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি আঘাত।
এদিকে, দেশজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে চরম আকার ধারণ করেছে বিক্ষোভ। গত রোববার মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা রিয়ালের দর রেকর্ড পতনের পর থেকেই টানা ছয় দিন ধরে বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। বিক্ষোভের এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়লে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭ জন বিক্ষোভকারীর প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।
ওই চিঠিতে ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ইরান দৃঢ়ভাবে ও আনুপাতিকভাবে পদক্ষেপ নেবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এই অবৈধ হুমকির কারণে পরিস্থিতির অবনতি ঘটলে তার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলেও সতর্ক করেছেন রাষ্ট্রদূত ইরাভানি।

