আরব সাগরে সৌদি নৌবাহিনী, ইয়েমেনে বিদ্রোহীদের বড় ঘাঁটি দখল

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ৮:২২ এএম
আরব সাগরে সৌদি নৌবাহিনী, ইয়েমেনে বিদ্রোহীদের বড় ঘাঁটি দখল

শুক্রবার (২ জানুয়ারি) ইয়েমেন সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। একদিকে আরব সাগরে নৌবহর মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট, অন্যদিকে মাটির যুদ্ধে ইয়েমেনের বৃহত্তম প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি দখল করেছে সৌদি সমর্থিত সরকার বাহিনী।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছেন, সমুদ্রপথে অবৈধ পাচার রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতেই নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি জানান, সামুদ্রিক সীমানায় নজরদারি জোরদারের মাধ্যমে অঞ্চলটির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করাই তাদের অগ্রাধিকার।

অপরদিকে হারদামাউতের গভর্নর নিশ্চিত করেছেন, আল-খাসায় অবস্থিত ৩৭ নং ব্রিগেডের সামরিক ঘাঁটি এখন সরকারি বাহিনীর দখলে। একটি শান্তিপূর্ণ অভিযানের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি জোট ওই ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই সংঘর্ষে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন এবং ২০ জন আহত হয়েছেন।

ইয়েমেনে সরকার বাহিনী ও দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মধ্যে এই সামরিক উত্তেজনা দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ার জন্য অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...