ইয়েমেনে সংঘাত: সৌদি হামলায় বিচ্ছিন্নতাবাদীদের ৭ জন নিহত
ইয়েমেনের হাদরামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউথ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবারের এই হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীটির ওপর আল-খাসাহ শিবিরে মোট সাতটি বিমান হামলা পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সামরিক অবস্থান দখলকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদীদের ইয়েমেনি সরকারি বাহিনীর ওপর অতর্কিত হামলার কয়েক ঘণ্টা পরই এই পাল্টা বিমান হামলা পরিচালনা করা হয়। এর আগে গত ৯ ডিসেম্বর এসটিসি প্রধান আইদারাস আল-জুবাইদি হাদরামাউত ও আল মাহরাহ প্রদেশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল।
এ বিষয়ে ইয়েমেনে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের বলেছেন, সংঘাত বন্ধে তারা বারবার এসটিসিকে ওই অঞ্চল থেকে সরে যেতে বলেছিলেন। তবে এসটিসি নেতৃত্বের অনড় অবস্থানের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে, এসটিসির মুখপাত্র আনোয়ার আল-তামিমি এই হামলার নিন্দা জানিয়ে দাবি করেছেন যে, এর মাধ্যমে আরব জোটের অবসান ঘটেছে। এর আগে বুধবার মুকাল্লা বন্দরে আমিরাত থেকে আসা অস্ত্রবাহী জাহাজেও জোট বাহিনীর হামলার ঘটনা ঘটে। বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব, যেখানে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যা ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতাকে আরও ঘনীভূত করছে।

