ধনীদের কর বাড়িয়ে নিউইয়র্ক সাশ্রয়ী করবেন মেয়র জেহরান
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের দায়িত্ব নিয়েছেন নতুন মেয়র জেহরান মামদানি। ১ জানুয়ারি শপথ গ্রহণের পর তিনি জানান, সাধারণ মানুষের জন্য শহরটিকে বসবাসযোগ্য ও সাশ্রয়ী করে তোলাই হবে তার সরকারের মূল লক্ষ্য। ৩৪ বছর বয়সী এই তরুণ নেতা উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচির মাধ্যমে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
মেয়র হিসেবে প্রথম ভাষণে মামদানি স্পষ্ট করে জানিয়েছেন, তার সরকার ধনকুবেরদের কাছে নয় বরং নিউইয়র্কবাসীর কাছেই জবাবদিহি করবে। একজন ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক হিসেবে তিনি কর্পোরেট করের হার ৭ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। একইসাথে বার্ষিক ১০ লাখ ডলারের বেশি আয় হলে অতিরিক্ত ২ শতাংশ কর আরোপ করার পরিকল্পনার কথাও জানান তিনি। সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাকে তিনি নাগরিকদের অধিকার বলে অভিহিত করেছেন।
নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ও সৃজনশীলতার ব্যবহার তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে। কনি আইল্যান্ডের বরফ ঠান্ডা পানিতে ঝাঁপ দেওয়ার ভাইরাল ভিডিও এবং বাসিন্দাদের ভাড়া নিয়ে সরাসরি কথা বলার কৌশল তাকে অন্যদের থেকে আলাদা করেছে। আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক জেন হল মনে করেন, প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের প্রতি বিতৃষ্ণ তরুণ ভোটাররা মামদানির এই প্রাণবন্ত ও অকৃত্রিম ভাবমূর্তিতে আশ্বস্ত হয়েছেন। বিশ্বজুড়ে যারা বামপন্থী রাজনীতির ভাগ্য নিয়ে সন্দিহান, তাদের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চান তিনি।

