গাজার মানবিক দুর্যোগে উদ্বিগ্ন ৮ মুসলিম দেশ, ত্রাণে বাধা নিরসনের দাবি

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১১:২৯ পিএম
গাজার মানবিক দুর্যোগে উদ্বিগ্ন ৮ মুসলিম দেশ, ত্রাণে বাধা নিরসনের দাবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম বিশ্বের প্রভাবশালী আটটি দেশ। পাকিস্তান, সৌদি আরব, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বর্তমান সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত, ঝড় এবং তীব্র শীত গাজার ইতিমধ্যেই ভঙ্গুর পরিস্থিতিকে আরও খারাপ দিকে নিয়ে গেছে। প্রায় ১৯ লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য বর্তমান আশ্রয়কেন্দ্রগুলো পর্যাপ্ত নয়। বন্যায় প্লাবিত শিবির, ক্ষতিগ্রস্ত তাঁবু এবং ধসে পড়া ভবনের মধ্য দিয়ে জীবনযাত্রা চালানো ওই অঞ্চলের মানুষদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এছাড়া, জরুরি সরঞ্জাম প্রবেশে বিলম্ব মৌলিক সেবা পুনরুদ্ধার এবং অস্থায়ী আবাসন স্থাপনের পথে প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে।

মন্ত্রীরা এই বিপর্যয়কর পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যে, জাতিসংঘ ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো (এনজিও) যেন গাজা ও পশ্চিম তীরে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই টেকসই এবং নিরবচ্ছিন্নভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারে। বিবৃতিতে স্পষ্ট করা হয়, জাতিসংঘ ও এনজিওগুলোর মানবিক কাজে কোনো ধরনের বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...