বিজ্ঞাপন

ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি, হস্তক্ষেপে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৫:২১ পিএম
ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি, হস্তক্ষেপে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে

চলমান বিক্ষোভ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ রুখতে কঠোর অবস্থান নিয়েছে ইরান। শুক্রবার দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করেন, তবে তার প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলই অস্থিতিশীল হয়ে পড়বে এবং ওয়াশিংটনের নিজস্ব স্বার্থও ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলি লারিজানি এক বিবৃতিতে ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তেহরান থেকে এই পাল্টা সতর্কবার্তা আসে।

বিজ্ঞাপন

একই দিনে সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি শামখানিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি জানান, ইরানের নিরাপত্তা বিষয়টি তাদের কাছে ‘রেড লাইন’ বা অত্যন্ত স্পর্শকাতর। যেকোনো অজুহাতে দেশটির নিরাপত্তার ওপর আঘাত হানার চেষ্টা করলে তার দৃঢ় জবাব দেওয়া হবে এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে ইরানের বিভিন্ন শহরে গত কয়েকদিন ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। ট্রাম্পের সমর্থনমূলক মন্তব্য এবং এর প্রেক্ষিতে ইরানি কর্মকর্তাদের এই কঠোর হুঁশিয়ারি ইতিমধ্যে অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...