জন্মহার বাড়াতে কনডমে কর, চীনের নতুন পদক্ষেপ নিয়ে তোলপাড়

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৩:৫৪ পিএম
জন্মহার বাড়াতে কনডমে কর, চীনের নতুন পদক্ষেপ নিয়ে তোলপাড়

জন্মহার বৃদ্ধি করতে এবার অভিনব পদক্ষেপ নিয়েছে চীন। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কনডমসহ জন্মনিয়ন্ত্রণের সব ধরনের সামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। বিপরীতে, শিশুদের লালন-পালনে ব্যবহৃত সামগ্রী ও সেবা থেকে কর অব্যাহতি দেওয়া হচ্ছে। বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্থরতা মোকাবিলায় তরুণদের বিয়ে এবং সন্তান নেওয়ার প্রতি উৎসাহিত করতেই এমন পদক্ষেপ নিয়েছে শি জিনপিং প্রশাসন।

টানা তিন বছর ধরে জনসংখ্যা হ্রাস পাওয়ায় উদ্বিগ্ন বেইজিং। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে চীনে মাত্র ৯ দশমিক ৫৪ মিলিয়ন শিশু জন্ম নিয়েছে, যা এক দশক আগের রেকর্ডের প্রায় অর্ধেক। এমন পরিস্থিতিতে বিয়ে ও বয়স্কদের সেবায় কর ছাড়ের পাশাপাশি পিতামাতার ছুটি বাড়ানো হচ্ছে। তবে গর্ভনিরোধকের ওপর কর আরোপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন ব্যবহারকারী বলেছেন, ‘আমি এখনই সারা জীবনের জন্য যত পরিমাণ দরকার তত কনডম কিনব’। অন্যজন লিখেছেন, ‘মানুষ কনডমের দাম এবং সন্তান লালন-পালনের খরচের মধ্যে পার্থক্য বুঝতে পারবে’।

বেইজিংয়ের ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে, সন্তান লালন-পালনের জন্য বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ চীন। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা ও কর্মজীবী মায়েদের চ্যালেঞ্জের কারণে এই খরচ বাড়ছে। হেনান প্রদেশের ৩৬ বছর বয়সী ড্যানিয়েল লুও বলেন, ‘আমার একটি সন্তান আছে, আমি আর চাই না। এক বক্স কনডমের দামে সর্বোচ্চ ২০ ইউয়ান বাড়লেও বছরে মাত্র কয়েকশ ইউয়ান খরচ হবে, যা সম্ভব’। তবে শি’আনের বাসিন্দা রোজি ঝাওয়ের আশঙ্কা, গর্ভনিরোধক দাম বাড়লে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষরা বিপাকে পড়বেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...