সম্পর্ক জোরদারে শিগগিরই বেইজিং সফরে যাবেন লি জে মিয়ং
আঞ্চলিক জটিলতার মধ্যেই প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে চীন। এরই অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংকে বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সুং-লাক এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী সোমবার দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাত্র দুই মাস আগে দুই নেতার পূর্ববর্তী বৈঠক অনুষ্ঠিত হলেও বিশ্লেষকদের ধারণা, জাপানের সঙ্গে সিউলের আসন্ন শীর্ষ বৈঠকের আগেই নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে বেইজিং। সফরসূচি অনুযায়ী, বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর লি জে মিয়ং সাংহাই যাবেন। সেখানে তিনি ৩৫ বছরের জাপানি ঔপনিবেশিক শাসনের সময় গঠিত দক্ষিণ কোরিয়ার অস্থায়ী সরকারের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ, পর্যটন এবং আন্তর্জাতিক অপরাধ দমনের মতো বাস্তবসম্মত সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এছাড়া কোরীয় উপদ্বীপের চলমান সংকট নিরসনে চীনের সক্রিয় ভূমিকা কামনা করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
বর্তমানে তাইওয়ান ইস্যুতে টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সিউল স্পষ্ট করেছে যে তারা ‘এক চীন নীতি’ মেনে চলে এবং বেইজিংয়ের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা সিউলের অগ্রাধিকার বলে জানিয়েছে লি প্রশাসন। তবে বাস্তববাদী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সুসম্পর্ক অটুট রাখতে বদ্ধপরিকর সিউল।

