শামীমার নাগরিকত্ব বাতিলে অনড় ব্রিটেন, তদন্ত চায় ইসিএইচআর
ব্রিটিশ নাগরিকত্ব হারানোর বিষয়ে শামীমা বেগমের আপিল যখন ইউরোপীয় মানবাধিকার আদালতে (ইসিএইচআর) বিচারাধীন, তখনও তাদের সিদ্ধান্তে অটল রয়েছে যুক্তরাজ্য সরকার। ২৬ বছর বয়সী এই নারীকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য করে তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন ব্রিটিশ কর্তৃপক্ষ। ইসিএইচআর বিষয়টি খতিয়ে দেখতে চাইলেও লন্ডন তাদের অবস্থানে কঠোর অনড় রয়েছে।
২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন থেকে স্কুলের দুই বন্ধুসহ সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন শামীমা। সেখানে তিনি জঙ্গি গোষ্ঠী আইএস-এর এক যোদ্ধাকে বিয়ে করেন এবং তিন সন্তানের জন্ম দেন, তবে কোনো সন্তানই বেঁচে থাকেনি। তার আইনজীবী গ্যারেথ পিয়ার্স যুক্তি দেখান, ১৫ বছরের ওই কিশোরীকে যৌন শোষণের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে সিরিয়ায় পাচার করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমা পাচারের শিকার কিনা তা বিবেচনা না করেই নাগরিকত্ব বাতিল করেছিলেন। মানবাধিকার আদালতও এখন লন্ডনকে জানতে চেয়েছে, তারা তাকে পাচার হওয়ার বিষয়টি খতিয়ে দেখেছিল কি না।
যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে আপিল খারিজ হওয়ার পর গত ডিসেম্বরে শামীমা বেগম ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের দাসত্ব ও জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধকারী ৪ নম্বর ধারার অধীনে এই চ্যালেঞ্জ করেন। অন্যদিকে, কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, শামীমা স্বেচ্ছায় উগ্রপন্থীদের সমর্থনে সিরিয়া গিয়েছিলেন, তাই ব্রিটেনে তার ফেরার সুযোগ নেই। ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ জানিয়েছেন, সুপ্রিম কোর্টও সরকারের এই পদক্ষেপকে বৈধ বলে রায় দিয়েছে। এদিকে ২০২০ সালের এক রায়ে উল্লেখ করা হয়, বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় ব্রিটিশ নাগরিকত্ব হারালেও তিনি রাষ্ট্রহীন হবেন না।

