কন্যাকে সামনে আনলেন কিম, প্রথমবার সমাধিসৌধে কিম জু অ্যায়
উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে প্রথমবারের মতো দেশটির পারিবারিক সমাধিসৌধে হাজির হয়েছেন তার কন্যা কিম জু অ্যায়। সম্প্রতি পিয়ংইয়ংয়ের কুমসুসান প্যালেস অব দ্য সানে তাকে বাবা-মায়ের মাঝখানে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে যে, চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে তাকেই বেছে নেওয়া হচ্ছে কিনা।
গত ১ জানুয়ারি অনুষ্ঠিত এই সফরের ছবি শুক্রবার প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। ছবিতে দেখা যায়, শীর্ষ কর্মকর্তাদের সামনে তিনি বাবা ও মায়ের মাঝখানে দাঁড়িয়ে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ধারণা করা হয়, জু অ্যায়ের জন্ম ২০১০ সালের শুরুর দিকে। তাকে সর্বপ্রথম ২০২২ সালে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সর্বসমক্ষে আনা হয়। এরপর থেকে তার জনসমক্ষে উপস্থিতি ক্রমাগত বেড়েছে, যা দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা ও বিশ্লেষকদের মধ্যে তাকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
উত্তর কোরিয়ায় সাধারণত কোনো উত্তরসূরির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় না। ক্ষমতার হাতবদলের ইঙ্গিত দিতে জনসমক্ষে বেশি করে আসা এবং দায়িত্ব বাড়ানোর পথ অবলম্বন করা হয়। এর আগে ২০১৩ সালে সাবেক এনবিএ তারকা ডেনিস রডম্যান প্রথম কিম জু অ্যায়ের অস্তিত্বের কথা জানিয়েছিলেন। নববর্ষ উদযাপন এবং বেইজিং সফরের পর এবার পারিবারিক সমাধিসৌধে তার উপস্থিতি সেই ধারণাকেই আরও জোরদার করছে যে ক্ষমতার রাজনীতিতে কিম পরিবারের চতুর্থ প্রজন্মকে সামনে আনা হচ্ছে।

