কন্যাকে নিয়ে সমাধিসৌধে কিম, উত্তরসূরি নিয়ে জোর জল্পনা

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১২:১৬ পিএম
কন্যাকে নিয়ে সমাধিসৌধে কিম, উত্তরসূরি নিয়ে জোর জল্পনা

উত্তর কোরিয়ার শাসক কিম জং উন তার কন্যা কিম জু অ্যায়েকে সাথে নিয়ে গত ১ জানুয়ারি পিয়ংইয়ংয়ের কুমসুসান প্যালেস অব দ্য সান পরিদর্শন করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। সমাধিসৌধে পিতার সাথে তার এই উপস্থিতি দেশটিতে উত্তরসূরি নিয়ে জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

ছবিতে দেখা গেছে, কুমসুসানের মূল হলে বাবা-মায়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কিম জু। ২০২২ সালে ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে প্রথমবার সবার সামনে আসা জু অ্যায়ের গণমাধ্যমে উপস্থিতি গত তিন বছরে ধীরে ধীরে বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে তাকে প্রস্তুত করা হচ্ছে।

২০১০ সালের শুরুর দিকে জন্ম নেওয়া জু অ্যায়ে সম্পর্কে আগে তেমন তথ্য জানা যায়নি, যদিও সাবেক এনবিএ খেলোয়াড় ডেনিস রডম্যান ২০১৩ সালে তার কথা বলেছিলেন। উত্তর কোরিয়ায় কখনো আনুষ্ঠানিকভাবে উত্তরসূরির নাম ঘোষণা না করলেও জনসমক্ষে বাড়তি দায়িত্ব পালনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তরের ইঙ্গিত দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে বেইজিং সফর এবং নববর্ষ উদযাপনেও তাকে গুরুত্বপূর্ণ অবস্থানে দেখা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...