তুষারধসে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই রাত কাটালেন শতাধিক

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১২:১২ পিএম
তুষারধসে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই রাত কাটালেন শতাধিক

মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড জুড়ে গত কয়েকদিনের টানা ভারী তুষারপাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিরূপ আবহাওয়ার কবলে পড়ে দেশটির সড়ক মহাসড়কগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। তীব্র শীতের প্রকোপে অনেকেই গন্তব্যে পৌঁছাতে না পেরে বাধ্য হয়ে নিজেদের গাড়িতেই রাত কাটিয়েছেন।

গত বুধবার রাতে (৩১ ডিসেম্বর) রাজধানী ওয়ারশ এবং বাল্টিক সাগরের তীরবর্তী গদানস্ক শহরের মধ্যবর্তী মহাসড়কে পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। সেখানে প্রায় ২০ কিলোমিটার বা ১২ দশমিক ৪ মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভর চলা তুষারপাত ও কনকনে ঠান্ডায় ভোর পর্যন্ত গাড়িতে আটকা পড়ে থাকতে হয় শত শত যাত্রীকে। বিশেষ করে উত্তরাঞ্চলের ওয়ার্মিয়া-মাসুরিয়া এলাকায় পরিস্থিতি খুবই সংকটজনক, যেখানে একাধিক সড়ক বন্ধ হয়ে গেছে এবং প্রায় দুই হাজার মানুষ বিদ্যুৎসেবাবঞ্চিত হয়েছেন। দেশটির পশ্চিম ও পূর্বাঞ্চলের জন্য এরই মধ্যে ভারী তুষারপাতের তৃতীয় স্তরের সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে পোল্যান্ডের ডেপুটি স্টেট মন্ত্রী স্তানিস্লাভ বুকোভিয়েতস জানিয়েছেন, এখন পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চরম আবহাওয়ার কারণে দেশটির রেল ও বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...