কুয়ালালামপুরে বর্ণাঢ্য আয়োজনে সফলভাবে বরণ করা হলো নতুন বছর
নতুন বছরকে বরণ করে নিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্যাভিলিয়ন কেএল-এ আয়োজিত হয়েছে জাঁকজমকপূর্ণ ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬ কাউন্টডাউন ফেস্টিভ্যাল’। দেশি-বিদেশি অসংখ্য পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক উৎসবমুখর পরিবেশে।
মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতুক সেরি তিয়ং কিং সিং বলেছেন, সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই এই আয়োজন সার্থকতা পেয়েছে। তিনি বছরের শুরুতে সবাই একত্রিত হওয়ার বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে তিনি মাদানি সরকারের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি বলে অভিহিত করেছেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
মন্ত্রী জানান, শুধু বিনোদন নয়, এই উৎসবে মালয়েশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। স্থানীয় প্রতিভাবান শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। প্রথাগত শিল্পকলার সাথে আধুনিকতার মেলবন্ধন এই আয়োজনকে করেছে স্বতন্ত্র। এ ধরনের অনুষ্ঠান শহরের প্রাণচঞ্চলতা বাড়ায়, অর্থনীতিকে গতিশীল করে এবং শিল্পীদের পাশে দাঁড়ায়। ভিজিট মালয়েশিয়া ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করে।
অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিয়ং কিং সিং বলেন, পর্যটন ও সংস্কৃতি খাতকে অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনে ভিজিট মালয়েশিয়া ২০২৬ সামনে রেখে দেশটি তার সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে বিশ্ব দরবারে আরও সমৃদ্ধশালী অবস্থানে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

