অর্ধলক্ষ মানুষের সামনে নিউইয়র্কের ইতিহাস গড়লেন জোহরান

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১০:১০ এএম
অর্ধলক্ষ মানুষের সামনে নিউইয়র্কের ইতিহাস গড়লেন জোহরান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। গত বছরের শেষ রাতে ব্যক্তিগতভাবে শপথ নিলেও, বছরের প্রথম দিনে লোয়ার ম্যানহাটানের সিটি হল চত্বরে প্রায় ৫০ হাজার মানুষের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। ৩৪ বছর বয়সী এই তরুণ নেতা একইসাথে শহরটির প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং গত শতাব্দীর কনিষ্ঠতম মেয়র হিসেবে দায়িত্ব পেলেন।

ব্রডওয়ে থেকে লিবার্টি স্ট্রিট পর্যন্ত সাতটি ব্লক জুড়ে ‘ব্লক পার্টি’ আয়োজনের মধ্য দিয়ে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। সিটি হলের বাইরে প্রকাশ্যে পবিত্র কোরআন স্পর্শ করে শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়রকে পরিচয় করিয়ে দিতে গিয়ে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ বলেন, এটি নিউইয়র্কের জন্য এক নতুন যুগের সূচনা, যেখানে ভয়ের বদলে সাহস এবং কয়েকজনের লুটের বদলে সবার সমৃদ্ধি অগ্রাধিকার পাবে। তিনি আরও বলেন, জোহরান শ্রমজীবী মানুষের জীবন বদলাতে প্রতিশ্রুতিবদ্ধ।

স্যান্ডার্স বলেন, ঘৃণা ও বিভেদের এই সময়ে নিউইয়র্কবাসী সবার জন্য কাজ করার সরকার গঠনে দেশকে অনুপ্রাণিত করেছে। নতুন মেয়র তার বক্তব্যে বলেন, পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতে থাকে এমন মুহূর্ত বিরল। তিনি জানান, চেষ্টা করার সাহসের অভাব তারা কখনও দেখাবেন না। এর আগে ৩১ ডিসেম্বর মধ্যরাতে পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে ছোট পরিসরে শপথ নেন জোহরান, যেখানে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস তাকে শপথ পাঠ করান। সেখানে তার বাবা-মা অধ্যাপক মাহমুদ মামদানি ও চলচ্চিত্রকার মীরা নায়ার উপস্থিত ছিলেন। এক কিলোমিটারব্যাপী এই আয়োজনে মার্কিন শিল্পী ম্যান্ডি প্যাটিনকিন সংগীত পরিবেশন করেন এবং ডেমোক্রেটিক দলের বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...