মুদ্রাস্ফীতির জেরে ইরানে সহিংসতা, বিক্ষোভে নিহত ৬

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৯:৪৯ এএম
মুদ্রাস্ফীতির জেরে ইরানে সহিংসতা, বিক্ষোভে নিহত ৬

প্রবল মুদ্রাস্ফীতি এবং দেশীয় মুদ্রা রিয়ালের অব্যাহত দরপতনের প্রতিবাদে ইরানজুড়ে শুরু হওয়া বিক্ষোভ এখন সহিংস রূপ নিয়েছে। গত রোববার থেকে দোকানি ও সাধারণ মানুষের এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে জানা যায়, রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লোরেস্তান প্রদেশের আজনা শহরে সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭ জন। এছাড়া তেহরান থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণে লোরদেগান শহরে বিক্ষোভে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাস্তায় আগুন জ্বলতে দেখা গেছে এবং গুলির শব্দও শোনা গেছে। বিক্ষোভকারীরা সরকারি ভবন, ব্যাংক ও মসজিদে পাথর মেরে ভাঙচুর চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করে।

এর আগে পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন। লোরেস্তান প্রদেশের উপ-গভর্নর সাঈদ পুরালি জানিয়েছেন, ২১ বছর বয়সী ওই বাসিজ সদস্য জনশৃঙ্খলা রক্ষার সময় দাঙ্গাকারীদের হামলার শিকার হন। দ্রুত মূল্যস্ফীতির কারণে সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে দোকানিরা রাস্তায় নামার পর থেকেই এই অস্থিরতা ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...